বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

১৪ জেলায় তাপপ্রবাহ

সিএনআই নিউজ ডেস্ক
  • আপডেট সময় : 11:37 am, বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

দেশে গত কয়েক দিনে বৃষ্টিপাতের পরিমাণ কমে এসেছে। গতকাল মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের মাত্র সাতটিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি কমে যাওয়ায় গতকাল দেশের ১৪টি জেলায় বয়ে গেছে তাপপ্রবাহ। আজ বুধবারও তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, লালমনিরহাট ও রংপুর জেলার বন্যা পরিস্থিতি আজও স্থিতিশীল থাকতে পারে। এ ছাড়া তিস্তা নদীর পানিও স্থিতিশীল থাকতে পারে। তবে ধরলা ও দুধকুমারের পানি কমতে পারে। এদিকে যমুনা নদীর পানি গাইবান্ধার ফুলছড়ি, জামালপুরের বাহাদুরাবাদ ও টাঙ্গাইলের পোড়াবাড়ী পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি থাকতে পারে আজ।

আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা বিভাগের ১০ জেলা এবং ফরিদপুর, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারীর সৈয়দপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আজ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্য বিভাগগুলোর দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টি এখন কম থাকলেও ২ সেপ্টেম্বর (শনিবার) থেকে আবার কিছুটা বাড়তে পারে। তখন তাপমাত্রা আবার কমে আসতে পারে।’

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে, ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com