রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে পাহড়ধসের ঘটনা ঘটে। পাহাড়ধসের কারণে বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ আছে। এ কারণে বাঘাইছড়ি থেকে সড়কপথে খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামে যাওয়া যাচ্ছে না।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকার পাহাড় ধসে পড়ে সড়কের ওপর। এর পর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে অর্ধশত বাসসহ যানবাহন আটকা পড়েছে। খবর পেয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সড়ক থেকে ধসে পড়া পাহাড়ের পাথর ও মাটি সরানোর চেষ্টা করছে। সড়ক ও জনপথ বিভাগ থেকে মাটি সরানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
মারিশ্যা-দীঘিনাল সড়কের মাহিন্দ্রাচালক মো. আমিনুর রহমান বলেন, দুই টিলা এলাকায় যেভাবে পাথর পড়ে রয়েছে, মাটি সরানোর যন্ত্র ছাড়া পরিষ্কার করা সম্ভব হবে না। কিছু স্বেচ্ছাসেবী সংগঠন সড়ক পরিষ্কার করার চেষ্টা করছে বলে তিনি জানান।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান বলেন, মারিশ্যা-দীঘিনালা সড়কে পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সড়ক থেকে মাটি সরানোর জন্য তাদের কর্মীরা তৎপরতা শুরু করছেন।ৃৃ