ঢাকার সাভারের জামসিং এলাকার এক রিক্সা চালককে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত ওই রিক্সা চালক সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
ঘটনাটি ঘটেছে আজ (শুক্রবার) দুপুরে জামসিংয়ের সোলাইমান মার্কেট এলাকায়।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার আরজ আলীর ছেলে রিক্সা চালক সায়েদ আলীকে সামান্য কারণে ঘরে ঢুকে পিটিয়ে হত্যার চেষ্টা চালায় একই এলাকার আতাউর রহমান আতা ও তার ছেলে হৃদয়। পরে এলাকাবাসী এসে তাঁকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রিক্সা চালক সায়েদ আলী জানান, তার স্ত্রী রাহিমার সাথে পারিবারিক কলহের জের ধরে তারা কিছুদিন যাবৎ ভিন্নভাবে বসবাস করছেন। এরপরেও স্ত্রীর কাছে প্রতিনিয়ত যাওয়া আসা করছেন সায়েদ আলী। আজ দুপুরে সে স্ত্রী রাহিমার ঘরে রান্নার পাতিল আনার জন্য যায়। এ সময় রাহিমা সুকৌশলে ঘরের দরজা আটকে বাইরে চলে যায়। এ সময় পাশ্ববর্তী বাড়ির সন্ত্রাসী আতাউর রহমান আতা ও তার ছেলে হৃদয় এসে ঘরের দরজা খুলে সায়েদ আলীকে বেধরক পিটিয়ে হত্যার চেষ্টা করে।
সায়েদ আলীর স্ত্রী রাহিমা জানান, তার স্বামী রান্না করার পাতিল নিতে ঘরে এলে তিনি স্বামীকে ঘরে রেখে দরজা আটকে দিয়ে চলে যান। পরে আতা ও হৃদয় এসে সায়েদ আলীকে মারধোর করে।
এ ব্যাপারে প্রতিবেশীরা জানান, আতা ও হৃদয় সায়েদ আলীকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালায়। তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কথা বলতে গেলে আতাউর রহমান আতা ও তার ছেলে হৃদয়কে বাড়িতে পাওয়া যায়নি। মোবাইল ফোনে কল করেও কথা বলা যায়নি।