
ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) পরিচালিত বিশেষ অভিযানে সাভারে ফায়ার সেফটি সরঞ্জাম বিক্রয়কারী প্রতিষ্ঠানের গোডাউনে চুরির ঘটনায় জড়িত ৬ জন এবং ১ জন সক্রিয় ডাকাত ও ছিনতাইকারীসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৭ অক্টোবর (মঙ্গলবার) রাতে সাভার মডেল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, “রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড” নামে একটি ফায়ার অ্যালার্ম ও ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের গোডাউনে চুরির ঘটনায় জড়িত ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্যরা হলো ওসমান (২৩), রতন (২০), কবির (২৫), সিরাজুল ইসলাম (৪০), খোরশেদ আলম বাপ্পী (৩৯) ও লসকর আলী (৩৩),
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত এই ৬ জন উক্ত গোডাউনে চুরির সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
অন্যদিকে, একই রাতে আরেকটি অভিযানে সাভারের রেডিও কলোনী এলাকা থেকে ডাকাত ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য সাইদুলকে (২৬) গ্রেপ্তার করা হয়। সাইদুল লালমনিরহাট সদরের নামাটারী এলাকার মজিবরের ছেলে।
পুলিশ জানায়, আসামিদের পূর্ব ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে, আটক ওসমান ও কবিরের বিরুদ্ধে পৃথক চুরির মামলা রয়েছে। এছাড়া সাইদুলের বিরুদ্ধে ১টি ডাকাতির প্রস্তুতি মামলা, ৪টি চুরি মামলা এবং অন্যান্য ধারায় ১টিসহ মোট ৬টি মামলা রয়েছে।
আইনী প্রক্রিয়া শেষে আটককৃতদের আধালতে পাঠিয়েছে পুলিশ।