
প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচে রোববার প্রিমিয়ার লিগের আরেক দল সান্ডারল্যান্ডকে ৪-২ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে লিভারপুল। তবে ডিফেন্ডার জো গোমেজ শুরুতেই চোট পাওয়ায় নতুন প্রধান কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম ম্যাচের এই জয় ম্লান হয়ে যায়।
ন্যাশভিলে ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন গোমেজ। নতুন মৌসুমের প্রস্তুতির শুরুতেই এটি লিভারপুলের জন্য বড় ধাক্কা হয়ে আসে।
২৯ বছর বয়সী এই ডিফেন্ডারের চোট ছাড়া দিনটি মার্সিসাইডের ক্লাবটির জন্য ইতিবাচকই ছিল।
কিয়েরান মরিসন, ডমিনিক সোবোসলাই, ফেডেরিকো কিয়েসা ও লুইস কৌমাসের গোলে নতুন প্রধান কোচ ইরাওলার অধীনে জয় দিয়ে যাত্রা শুরু করে লিভারপুল।
তবে জয়ের পরও ইরাওলা স্বীকার করেছেন, মৌসুম-পূর্ব প্রথম ম্যাচের পর দলটির অনেক উন্নতির সুযোগ রয়েছে।
ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে তিনি বলেন, “অবশ্যই অনেক কিছু ঠিক করার আছে। এটি তো প্রথম দিন।”
তিনি আরও বলেন, “খেলোয়াড়দের পায়ে ক্লান্তি ছিল, কারণ তারা কঠোর অনুশীলন করেছে। তাই আমাদের খেলায় কিছুটা সতেজতার অভাব ছিল। তবে এটি উন্নতির জন্য ভালো একটি সূচনা এনে দিয়েছে।”
স্প্যানিশ কোচ স্বীকার করেন, গোমেজের চোটই ছিল দিনের সবচেয়ে হতাশাজনক ঘটনা।
ইরাওলা সেন্টার-ব্যাক জেরেমি জাকের সর্বশেষ অবস্থাও জানিয়েছেন। কাঁধের চোটের কারণে গত মৌসুম শেষ হওয়ার আগেই মাঠের বাইরে চলে যেতে হয়েছিল তাকে। এ গ্রীষ্মেই তিনি লিভারপুলে যোগ দিয়েছেন।
ম্যানেজার জানান, জাকেকে ফেরানোর ক্ষেত্রে ক্লাব সতর্ক অবস্থান নেবে। ধীরে ধীরে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যে লিভারপুলের যুক্তরাষ্ট্র সফরের শেষ প্রাক-মৌসুম ম্যাচে তাকে খেলানোর আশা করা হচ্ছে।
প্রিমিয়ার লিগে ২৩ আগস্ট নিউক্যাসল ইউনাইটেডের মাঠে মৌসুমের প্রথম ম্যাচের আগে লিভারপুল আরও চারটি প্রীতি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ হিসেবে থাকবে রেক্সহ্যাম, লিডস ইউনাইটেড, এএস মোনাকো ও কোমো।