
বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বেলা ১১টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস বগুড়া জোনের উপ-পরিচালক শর্মিলা দাস। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মুন্না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ আল-মামুন মিয়া। তিনি স্কাউটিংয়ের মানবিক, শৃঙ্খলাবোধসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন। সেইসাথে স্কাউটদের সমাজসেবা ও নেতৃত্ব বিকাশে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার। এসময় আরো বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক এবং জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্সকর্তা আশিক উর রহমান।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে স্কাউটিংয়ের অবদান তুলে ধরেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার সহকারী কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) মো. আরমান হোসেন।
দিনব্যাপী আয়োজনে জেলার বিগত বছরের কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের বিবরণী উপস্থাপন করা হয়। পাশাপাশি আগামী বছরের পরিকল্পিত কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং সেগুলো বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্কাউটস নেতৃবৃন্দ, শিক্ষক, রোভার সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানের শেষে স্কাউট আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করা হয়।