জেলা শহরের পালং বাজার এলাকায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালিয়ে নানা দুটি মিষ্টির দোকানে দুই লাখ টাকা জরিমানা করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুর ১টায় সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে নের্তৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাফিস এলাহী। তাকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য।
এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা ও পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযানের সময় বিভিন্ন খাদ্যপণ্য বিক্রয় প্রতিষ্ঠানের নানা-অনিয়ম পরিলক্ষিত হয়।
এর মধ্যে ছিল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, বিএসটিআই অনুমোদনবিহীন খাদ্যপূর্ণ বিক্রয়, উৎপাদিত খাদ্য পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, খোলা পরিবেশে খাদ্যপণ্য রাখা, মাটি থেকে নিরাপদ উচ্চতায় খাদ্যপণ্য সংরক্ষণ না করা, খাদ্য পণ্য বিক্রয় কর্মীদের স্বাস্থ্যবিধি না মানা ও খাদ্য পণ্যের ক্রয় বিক্রয় চালান সংরক্ষণ না করা।
ভ্রাম্যমাণ আদালত এসব অনিয়মকে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নিরাপদ খাদ্য আইনে গোপাল ঘোষ মিষ্টান্ন ভা-ারে এক লাখ ও হারুন ঘোষ মিষ্টান্ন ভা-ারে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করেন।
এ সময় প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারীদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত না থাকলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।