সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চর ভানুডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক কৃষকের বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহমান শুক্রবার রাতে কাজিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, চর ভানুডাঙ্গা গ্রামের বাসিন্দা কৃষক ও গরুর খামারি আব্দুর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে আব্দুল মজিদ, আব্দুস সালাম ও সাইফুল ইসলামদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার (১ মে) বিকেল চারটার দিকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আব্দুল মজিদ লোকজন নিয়ে আব্দুর রহমানের বাড়িতে হামলা চালান। হামলাকারীরা তার গো-খামারের আধাপাকা ঘর ও দুইটা ঘর ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। বাধা দিতে গেলে আব্দুর রহমানের স্ত্রী রেবেকা খাতুনকে মারধর করে আহত করা হয়।
এ সময় হামলাকারীরা ঘরে থাকা প্রায় ১৭ মণ ধান, ৪০ মণ ভুট্টা এবং খামার থেকে তিনটি গরু লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আব্দুর রহমানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়ির তিনটা ঘর পুরোপুরি ভাঙচুর করা হয়েছে। ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি প্রশাসনের কাছে নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি করেছে। এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মজিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে বক্তব্য পাওয়া যায়নি।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।