ঢাকার সাভার ও ধামরাই থেকে আলাদা অভিযানে ২’শ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ লিটার চোলাই মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।
গত (রবিবার দিবাগত) রাতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসলাম জানান, মদ সরবরাহ করা হচ্ছে খবর পেয়ে পলাশ বাড়িতে অভিযান চালিয়ে পেশাদার চোলাই মদ কারবারি বিদ্যুৎ শাহকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ লিটার চোলাই মদ। বিদ্যুৎ শাহ নওগাঁ সদরের আমরাইপুর গ্রামের বাসিন্দা। সে আশুলিয়ার শ্রীপুরে ভাড়া থেকে চোলাই মদ তৈরী ও বিক্রি করে আসছিল।
আলাদা অভিযানে ঢাকার ধামরাইয়ের কায়েত পাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ হাবিবুর রহমান ওরফে বুচাইকে ৯৩ পিস ইয়াবা, সাভারের আমিন বাজার থেকে মোঃ আজগর আলীকে ১’শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এরমধ্যে আজগর আলীর বিরুদ্ধে ৮ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এরা সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বসবাস করে চোলাই মদ ও ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিল বলে জানান ওসি।
এদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।