
সিএনআই নিউজ, ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির সময় সরকারি হাসপাতালের জরুরি বিভাগ প্রতিদিন ২৪ ঘন্টা খোলা থাকবে। এছাড়া ঈদের দিন, পবিত্র শবে-কদরের পরদিন এবং দু’শুক্রবার ব্যতীত প্রতিদিন সীমিত পরিসরে বহির্বিভাগের চিকিৎসা সেবা চালু থাকবে।
আজ বাংলাদেশ সচিবালয়ে স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।
ঈদের ছুটির সময় সরকারি হাসপাতালে যথাযথ চিকিৎসা অব্যাহত আছে কিনা তা তদারকি করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে দুটি পৃথক কন্ট্রোল রুম খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে এই কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের ফোন নম্বর জানিয়ে দেওয়া হবে।
সভায় দেশের সকল সরকারি হাসপাতালে সরকারি ছুটির দিনে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দেশের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় ঔষধপত্র, চিকিৎসক, নার্স এবং সুসজ্জিত অ্যাম্বুলেন্সসহ মেডিকেল চিকিৎসা সেবা প্রদানের সরঞ্জামাদি মজুত এবং মহাসড়ক, রেল ও নৌ-পথে আকস্মিক বড় দুর্ঘটনা মোকাবিলায় জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, ঔষধপত্র ও সরঞ্জামাদি প্রস্তুত রাখার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ঈদের ছুটিতে চিকিৎসকদেরকে রোস্টার ডিউটির মাধ্যমে দায়িত্ব পালন নিশ্চিত করতে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০১৬-১৭ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে চুক্তিপত্র মন্ত্রীর হাতে তুলে দেন।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, ঔষধ প্রশাসনের অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মুস্তাফিজুর রহমানসহ মন্ত্রণালয়, অধিদপ্তর এবং দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।