
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে যারা এখনো বায়োমেট্রিক পদ্ধতিতে (আঙুলের ছাপে) সিম নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন তাদের সিম পর্যায়ক্রমে তিন ঘণ্টা করে বন্ধ থাকবে।
আজ শনিবার বিকেলে বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এসময় তিনি বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের জন্য আরও এক মাস বাড়ানোর ঘোষণা দেন।
তারানা হালিম জানান, সিম পুনঃনিবন্ধনের জন্য ১ মে থেকে ৩১ মে রাত ১২টা পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। কিন্তু যেসব গ্রাহক ইচ্ছাকৃতভাবে নিবন্ধন করেননি তাদের সিম পর্যায়ক্রমে তিন ঘণ্টা করে বন্ধ থাকবে।
প্রতিমন্ত্রী জানান, ৩১ মে রাত ১২টার পর কোনো সতর্ক সংকেত বা কোনো ঘোষণা ছাড়াই অনিবন্ধিত সিমগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হবে। পরবর্তী ১৫ মাসের জন্য অন্য কোথাও এ সিমগুলো বিক্রির কাজ স্থগিত থাকবে। এটা প্রধাণত করা হয়েছে যারা বিদেশে থাকেন বা শান্তি রক্ষা মিশনে যারা গেছেন তাদের সুবিধার্থে।
উল্লেখ্য, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন ও পুনঃনিবন্ধন কার্যক্রম শুরু হয় ২০১৫ সালের ১৬ ডিসেম্বর। তখন সিম নিবন্ধনের সময় সীমা বেঁধে দেয়া হয় ২০১৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত। এই সময়ের মধ্যে এখনো দেশের ছয়টি অপারেটরদের বিপুল সংখ্যক সিম অনিবন্ধিত রয়ে গেছে।