
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থী সুমন দাশের বাবা ঝন্টু দাশ দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য প্রায় ১৫ লক্ষ টাকা দরকার। পরিবারের যতটুকু সামর্থ্য ছিল, সব শেষ। বাকি দায়িত্বটা আমাদের… এমন দৃঢ় বিশ্বাস নিয়ে আয়োজন করা হলো চ্যারিটি কনসার্টের। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে কনসার্টটিতে পারফর্ম করে ‘অক্সিজেন’ ব্যান্ড দল। ‘দুর্গ’ ব্যান্ড এই কনসার্টটির আয়োজন করে।
অক্সিজেন ব্যান্ডের ভোকাল আপেল জাহান মানবকণ্ঠকে জানান, এমন একটি কনসার্টে অংশ নিতে পেরে তারা নিজেদের সৌভাগ্যবান মনে করছেন। ব্যান্ডের ড্রামার তপু, বেজিস্ট শুভ এবং ম্যানেজার হিরা জানান, এমন ধরনের কনসার্ট করতে তারা সবসময় আগ্রহী।