
বিনোদন জগতে তারকাদের অভিনয় করতে গিয়ে মান-অভিমান হয়ে থাকে। সেই মান-অভিমান কখনো কখনো দীর্ঘ হয়ে থাকে। আবার দেখা যায়, সব ভুলে একফ্রেমে বাঁধার গল্প। এটি নতুন কিছু নয়। যেমনটি মান-অভিমান ভুলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন টালিউডের জনপ্রিয় সুপারস্টার দেব ও লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি। দীর্ঘদিন পর নতুনরূপে ফিরেছেন একসময়ের এ তারকা জুটি।
ঠিক তেমনি মান-অভিমানে দূরে সরে আছেন একসময়ের আলোচিত রোমান্টিক জুটি। এবার সবকিছু ভুলে এক হতে যাচ্ছেন বহুল চর্চিত পরিচালক-প্রযোজক-অভিনেতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী মিমি চক্রবর্তী।
দীর্ঘ ১১ বছরের বিরতি এবং ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন পেছনে ফেলে আবারও রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ব্যানারে ফিরছেন এই জনপ্রিয় অভিনেত্রী। পর্দা ও পর্দার বাইরের সমীকরণ যাই থাক না কেন, পরিচালক রাজ ও অভিনেত্রী মিমির রসায়ন সবসময়ই টালিপাড়াকে দিয়েছে সুপারহিট সব কাজ।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাটমুণ্ডু’ সিনেমায় শেষবার রাজের পরিচালনায় দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে। তার আগে ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ কিংবা ‘যোদ্ধা’—এই জুটি ঢালিউড-টালিউডের সিনেমাপ্রেমী দর্শকদের কাছ থেকে কুড়িয়েছে অশেষ ভালোবাসা। এরপর সম্পর্কে ভাটা পড়ে। মান-অভিমানে দূরে সরে যান এ তারকা জুটি। দেখতে দেখতে কেটে গেছে এক দশকেরও বেশি সময়।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় পর বরফ গলতে শুরু করেছে দুই তারকার মনে। সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ‘রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’-এর পক্ষ থেকে একটি নতুন কাজের প্রস্তাব পাঠানো হয় মিমি চক্রবর্তীর কাছে। ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক অয়ন চক্রবর্তী। চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হওয়ায় এতে ইতিবাচক সাড়াও দিয়েছেন অভিনেত্রী।
সব পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি মাসের শেষের দিকেই সিনেমাটির শুটিংয়ের কাজ শুরু হবে। রাজ-মিমি জুটির এই নতুন অধ্যায় টালিউডের পাশাপাশি দুই বাংলার সিনেপ্রেমী দর্শকদের মাঝেও নতুন কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।