
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন একটি গহনার ব্র্যান্ডের বিজ্ঞাপনে রাখিবন্ধন করতে গিয়ে বিপাকে পড়েছেন। তার খোলামেলা পোশাক নিয়ে শুরু হয়েছে কটাক্ষ। নিন্দুকেরা প্রশ্ন তুলেছেন— কেন এত খোলামেলা?
বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পরই অভিনেত্রীর খোলামেলা পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নিন্দার ঝড় ওঠে। শুরু হয় সমালোচনা। ঘিয়ে রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজের সঙ্গে ফিনফিনে জ্যাকেট ও স্কার্টে দেখা গেছে কৃতি শ্যাননকে। রাখিবন্ধনের মতো উৎসবের সঙ্গে এ পোশাক কতটা মানানসই, তা নিয়েই উঠেছে প্রশ্ন।
নেটিজেনদের একাংশের অভিযোগ, এমন ভাবনা ভারতীয় উৎসবের সঙ্গেই যেন মশকরা। কেউ কেউ আবার সরাসরি নিশানা করেছেন ওই নির্দিষ্ট ব্র্যান্ডের প্রচারের নেপথ্যের ভাবনাকে। কৃতির পোশাককে ‘নিম্ন রুচি’র এবং ‘অত্যন্ত লজ্জাজনক’ বলেও মন্তব্য করেছেন কয়েকজন। তবে বিতর্ক শুধু কৃতি শ্যাননের পোশাকেই থেমে থাকেনি। বিজ্ঞাপনে একটি সারমেয়কেও রাখি পরাতে দেখা যায় অভিনেত্রীকে। তাকে পরিবারেরই একজন সদস্য হিসাবে তার হাতে রাখি বাঁধেন অভিনেত্রী। নিন্দুকদের সেই দৃশ্যেও আপত্তি!
এক নেটিজেন লিখেছেন — গতকাল এই বিজ্ঞাপন দেখে আমি হতবাক। কী সব হচ্ছে! অন্য নেটিজেন লিখেছেন— এমন বিজ্ঞাপনের মাধ্যমে ব্র্যান্ডগুলো প্রায়ই সীমা ছাড়িয়ে যায়। কারণ মানুষ প্রতিবাদ করে না। আরেক নেটিজেন লিখেছেন—পুজোর থালা কোথায়? ভাইয়ের সামনে অন্তর্বাসের মতো পোশাক পরে রয়েছেন কেন? এটা কি রাখিবন্ধন? কপালে তিলকই কোথায়? আবার কেউ লিখেছেন— সারমেয় নিয়ে এই বাড়াবাড়িটা না করলেই নয়। রাখিবন্ধনের মতো ঐতিহ্যবাহী অনুষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপনের পোশাক ও উপস্থাপনার কোনো সামঞ্জস্য নেই।
তবে পাল্টা মতও রয়েছে। কৃতি শ্যাননের অনুরাগী ও পোষ্যপ্রেমীদের পছন্দ হয়েছে এ বিজ্ঞাপন। তারা বলেন, অনেকেই পোষ্যদের নিজেদের ভ্রাতৃসমই মনে করেন। ওরাও পরিবারের সদস্যই হয়ে ওঠে। সন্তানের মতো লালন-পালন করা হয়। পোশাক নিয়েও কৃতির অনুরাগীরা কোনো আপত্তি জানাননি। যদিও এখন পর্যন্ত এই সমালোচনা নিয়ে অভিনেত্রী কোনো প্রতিক্রিয়া দেননি।