শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন

কপোতাক্ষের জেগে ওঠা জমি দখলে বেপরোয়া, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
  • আপডেট সময় : 10:50 am, শনিবার, ১ আগস্ট, ২০২৬
 খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রাম সংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক গাজী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্রের সহযোগিতায় রাজ্জাক গাজী নদের চরে বাঁধ নির্মাণ করে জমিটি ব্যক্তিমালিকানার দাবি করার চেষ্টা করছেন। এতে সরকারি জমি বেদখল হওয়ার পাশাপাশি নদের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত সোমবার সরেজমিনে দেখা যায়, সম্প্রতি শিববাটি গ্রাম সংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চরে প্রকাশ্যে মাটি কেটে সীমানা নির্ধারণের কাজ করছেন গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের রাজ্জাক গাজীর নেতৃত্বে ৮ থেকে ১০ জনে। স্থানীয়দের দাবি, এভাবে চর দখল চলতে থাকলে বর্ষা মৌসুমে নদীভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকি আরও বাড়বে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, তাদের জমির সামনে জেগে ওঠা চর নিজেদের দাবি করে রাজ্জাক গাজী দীর্ঘদিন ধরে জোরপূর্বক সরকারি জমি দখলের চেষ্টা করছেন। কেউ বাধা দিতে গেলে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। ফলে ভুক্তভোগীরা প্রতিরোধ গড়ে তুলতে সাহস পাচ্ছেন না। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগের বিষয়ে রাজ্জাক গাজী বলেন, জেগে ওঠা চরটি আমাদের বাপ-দাদার পৈতৃক সম্পত্তি। নদীভাঙনে জমিটি বিলীন হয়েছিল। বর্তমানে পুনরায় চর জেগে ওঠায় আমরা আমাদের নিজস্ব জমির অংশে বাঁধ নির্মাণ করছি। এ বিষয়ে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী বলেন, কপোতাক্ষ নদের চর দখলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর সরকারি সম্পত্তি বা নদীর চর অবৈধভাবে দখলের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com