
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পালটাপালটি সমাবেশকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে হবিগঞ্জে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও সংঘাতের আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
আজ বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক জরুরি আদেশে এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ২৯ জুলাই হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার আহ্বান করে এনসিপি। অন্যদিকে, একই সময়ে ও একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল ও যুবদল।
উভয়পক্ষের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম এবং সামনাসামনি অবস্থানের কারণে রক্তক্ষয়ী সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি ও জনশান্তি বিনষ্টের তীব্র আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় জনস্বার্থে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পুরো পৌর এলাকায় ১৪৪ ধারা বলবৎ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক জানান, আদেশের পর থেকে হবিগঞ্জ পৌরসভা মাঠ, তিনকোনা পুকুরপাড়, শায়েস্তানগর, শ্মশানঘাট, কোর্ট স্টেশন ও ডিসি অফিস সংলগ্ন এলাকা সহ সমগ্র পৌরসীমায় ৫ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, স্লোগান, পিকেটিং, মাইকিং কিংবা যেকোনো উচ্চশব্দ সৃষ্টিকারী যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।
নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বর্তমানে শহরের স্পর্শকাতর পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।