
হন্ডুরাসের বিপক্ষে প্রীতিম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। দলের আরো কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ফিটনেস সমস্যা থাকায় একাদশে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।
রবিবারের (৭ জুন) ম্যাচে মেসির পাশাপাশি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকেও পাচ্ছে না আর্জেন্টিনা। ফলে নতুন কিছু সমন্বয় নিয়ে দল সাজানোর পরিকল্পনা করছেন স্কালোনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের খবরে জানা গেছে, হন্ডুরাসের বিপক্ষে আক্রমণভাগে একসঙ্গে খেলতে পারেন লাউতারো মার্তিনেজ ও হোসে ম্যানুয়েল লোপেজ। বিশ্বকাপের আগে এই জুটিকে পরীক্ষা করে দেখতে চান কোচ।
সম্ভাব্য একাদশে গোলবারের নিচে থাকবেন হেরোনিমো রুলি। রক্ষণভাগে দেখা যেতে পারে নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি ও জিয়ানলুকা জিয়াইকে।
মিডফিল্ডে থাকবেন থিয়াগো আলমাদা, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং রদ্রিগো ডি পল। আর আক্রমণভাগে লাউতারোর সঙ্গে জুটি বাঁধবেন লোপেজ।
বিশ্বকাপের আগে স্কোয়াডের গভীরতা যাচাইয়ের জন্য এই ম্যাচকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্কালোনি। মেসির অনুপস্থিতিতে অন্য খেলোয়াড়রা নিজেদের প্রমাণের সুযোগ পাবেন বলেও মনে করা হচ্ছে।