চট্টগ্রাম, সিলেট ও বরিশাল অঞ্চলের ক্রিকেট সংস্থাগুলোর কমিটির ভেঙে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার (৪ মে) মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির তৃতীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তী বিসিবি নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্তও নিয়েছে বোর্ড। নির্বাচনের প্রথম পদক্ষেপ হিসেবে শিগগিরই একটি নোটিশ দিয়ে সব ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়নের আহ্বান জানানো হবে, যা বিসিবি গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী হবে।
নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের কমিশন গঠনের অনুমোদন দিয়েছে বোর্ড। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে একজন প্রতিনিধি থাকবেন। বাকি দুজনকে মনোনীত করবে বিসিবি।
এ ছাড়া বিসিবি কোকাকোলাকে আগামী দুই বছরের জন্য পানীয় পৃষ্ঠপোষক অংশীদার হিসেবে অনুমোদন দিয়েছে।