কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড (সোমনারায়ন) এলাকার যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন নয়ন (৪৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মারা গেছেন। শনিবার (৪ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন মরহুম আব্দুল হাকিম মেম্বারের পুত্র এবং উপজেলার পলাশপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে তিনি মোটর পাম্পের সাহায্যে পুকুরের পানি সেচের কাজ করছিলেন। কাজ শেষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে মনে করে তিনি সংযোগ গুছাতে যান। এ সময় হঠাৎ শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।