শেরপুর জেলার সরকারি শিশু পরিবার (বালিকা)-এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজন শিশু-কিশোরীদের অংশগ্রহণে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশু-কিশোরীদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সুপ্ত প্রতিভা বিকাশ এবং সুস্থ মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।
প্রতিযোগিতায় বিভিন্ন ক্রীড়া ইভেন্টের পাশাপাশি নৃত্য, গান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দঘন পরিবেশ উপস্থিত সকলের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে।