
রাজবাড়ীর বালিয়াকান্দি- মেগচামী-মধুখালী সড়কের বেহাল অবস্থার কারণে আবারও ঘটেছে দুর্ঘটনা। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া বড় বড় গর্তের কারণে গত রাতে একটি সারবোঝাই ট্রাক রাস্তার গর্তে আটকে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মধুখালী থেকে বালিয়াকান্দিগামী একটি সারবোঝাই ট্রাক মৌকুড়ি মাদ্রাসার পাশে গর্তে ভরা রাস্তায় ট্রাকটির একটি চাকা গভীর গর্তে গেঁথে যায়। এতে ট্রাকটি চলাচল করতে না পেরে সড়কের ওপর আটকে পড়ে।
ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটির নিরাপত্তার ব্যবস্থা করে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। আজ সকালে শ্রমিকদের মাধ্যমে ট্রাক থেকে সারের বস্তা নামানোর কাজ শুরু করা হয়, যাতে আটকে থাকা ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বালিয়াকান্দি-মেগচামী-মধুখালী সড়কটি অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
এলাকাবাসীর দাবি, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কার কাজ শুরু করা হোক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয় এবং নিরাপদে যাতায়াত নিশ্চিত করা যায়।