মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

আফজাল হোসেনকে নিয়ে যে কথা বললেন মম

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : 3:18 pm, সোমবার, ২৫ মে, ২০২৬

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম দুই দশকের বেশি সময় অভিনয় জগতে বিচরণ। শুধু ছোটপর্দায় নয়; বড়পর্দাতেও নিয়মিত কাজ করে আসছেন সাবেক লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিজয়ী এ অভিনেত্রী। কাজ করেছেন ছোটপর্দার প্রায় সব অভিনেতার সঙ্গে। প্রখ্যাত অভিনেতা আফজাল হোসেনের সঙ্গেও সহশিল্পী হিসেবে হাতেগোনা দু–তিনটি নাটকে কাজ করেছেন তিনি। তবে তার পরিচালনায় কখনো কাজ করার সুযোগ হয়নি তার। এবার সেই অপেক্ষার দীর্ঘ অবসান হলো।

সম্প্রতি একটি গণমাধ্যমে এমন কথাই জানালেন জাকিয়া বারী মম।

শিশুতোষ সিরিজ ‘ছোটকাকু’র নতুন কিস্তি আফজাল হোসেনের পরিচালনায় ‘কিশোরগঞ্জের কিশোর দল’ সিরিজে প্রথমবারের মতো কাজ করলেন জাকিয়া বারী মম। যদিও পরিচালনার পাশাপাশি এ সিরিজে অভিনয়েও করেছেন আফজাল হোসেন। এ সুযোগকে নিজের অভিনয়জীবনের বিশেষ এক প্রাপ্তি বলেই মনে করেন তিনি।

শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় সিরিজ ‘ছোটকাকু’র নতুন কিস্তি আট পর্বের এ গোয়েন্দাধর্মী গল্পের নাট্যরূপ দিয়েছেন মাসুম রেজা। আফজাল হোসেনের পরিচালনায় সহপরিচালক হিসাবে কাজ করেছেন আরিফ খান। সম্প্রতি কিশোরগঞ্জে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটির পোস্ট-প্রোডাকশনের কাজও শেষ হয়েছে। চ্যানেল আইয়ের ঈদ উৎসবে ‘কিশোরগঞ্জের কিশোর দল’ সিরিজটি প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার করা হবে।

প্রথমবার আফজাল হোসেনের পরিচালনায় কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, আফজাল হোসেনরা তো এ সময়ে হাইপে ওঠা মানুষ নন, তারা প্রকৃত অর্থেই গুণী মানুষ। তিনি আমাদের দেশের সম্পদ। তিনি বলেন, পরিচালনার সময় একজন শিল্পীর কাছ থেকে কী চান, সেটি খুব পরিষ্কারভাবে বোঝাতে পারেন। এ কমিউনিকেশনটা একজন পরিচালকের সঙ্গে অভিনয়শিল্পীর জন্য খুব গুরুত্বপূর্ণ।

এ অভিনেত্রী বলেন, আমরা তো তার অনেক জুনিয়র। ছোটবেলা থেকে টেলিভিশনে তাকে দেখে বড় হয়েছি। কখনো তার পরিচালনায় কাজ করব— এটাই তো ভাবিনি। তাই শুরুতে একটা সংশয়, ভয় কাজ করছিল; কিন্তু তিনি এত সুন্দরভাবে শিল্পীকে কমফোর্ট দেন, চরিত্রটি কীভাবে দেখতে চান, কী ধরনের অভিনয় চান— সবকিছু স্পষ্ট করে বুঝিয়ে দেন। তাই তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সত্যিই দারুণ বলে জানান জাকিয়া বারী মম।

সাবেক লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিজয়ী অভিনেত্রী বলেন, আফজাল হোসেনের সঙ্গে আগে সহশিল্পী হিসেবে কয়েকটি নাটকে কাজ করলেও ‘কিশোরগঞ্জের কিশোর দল’ নাটকটি তার কাছে বিশেষ হয়ে থাকবে। তিনি বলেন, যে মানুষের নিজের সম্মান আছে, তিনি অন্যকেও সম্মান করতে জানেন। আফজাল হোসেন যখন তার পরিচালনায় কাজ করার প্রস্তাব দিয়েছিলেন, তখন আমি সত্যিই সম্মানিত বোধ করেছি।

শিশুতোষ সিরিজ ‘ছোটকাকু’র নতুন সিরিজ প্রসঙ্গে নির্মাতা আফজাল হোসেন বলেন, ‘ছোটবেলা থেকেই দুঃসাহসিক অভিযানভিত্তিক গল্পের প্রতি আগ্রহ ছিল। সেই ভালো লাগা থেকেই ছোটকাকু সিরিজের সঙ্গে দীর্ঘ পথচলা। শিশুদের জন্য দেশে খুব বেশি কাজ হয় না বলেই এ সিরিজ নির্মাণে বিশেষ আনন্দ খুঁজে পাই।’

উল্লেখ্য, ‘কিশোরগঞ্জের কিশোর দল’ নাটকটিতে জাকিয়া বারী মম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রওনক হাসান, আহসান হাবিব নাসিম, তাহমিনা সুলতানা মৌ, শাহেদ আলী, তানভীর হোসেন, মারিয়া ফারিহা উপমা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com