ভোলার পুলিশ সুপারের নির্দেশে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ টিমের অভিযানে ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ টিএসপি সারসহ চারটি পণ্যবাহী ট্রাক জব্দ করা হয়েছে।
শুক্রবার (০৬ মার্চ) সকাল দশটায় ভোলা সদর মডেল থানার ১নং পূর্ব ইলিশা ফেরিঘাট এলাকায় ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন অবস্থায় তল্লাশি চালিয়ে ত্রিপল দিয়ে ঢাকা ৪টি ট্রাক থেকে অবৈধভাবে পরিবহনকৃত এই বিশাল সারের চালানটি আটক করা হয়। অভিযানে জব্দকৃত ০৪টি ট্রাক থেকে প্রায় ৭১,০০০ কেজি (৭১ টন) টিএসপি সার উদ্ধার করা হয়। জব্দকৃত সারের আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ পঁচাত্তর হাজার টাকা।
গ্রেফতার ও পলাতক আসামি: অভিযান চলাকালীন ০১ জন ট্রাক ড্রাইভারকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ধৃত আসামি: মোঃ আরমান (৩০), থানা- সদরঘাট, জেলা- চট্টগ্রাম।
পলাতক: বাকি ০৩টি ট্রাকের ড্রাইভার পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
উক্ত ঘটনায় ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ তালিকা সম্পন্ন করা হয়েছে। জব্দকৃত মালামাল ও ট্রাকসমূহ বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং জড়িত ডিলারদের নাম ঠিকানা সংগ্রহ করে জড়িত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অপরাধ দমন, চোরাচালান রোধ, কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং জনস্বার্থে ভোলা জেলা পুলিশের এমন কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।