
কোপা আমেরিকার আগেই পিঠের ইনজুরিতে পড়েছেন আর্জেন্টিনা ও বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। কিন্তু খুব শীগ্রই সুস্থ হয়ে দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তবে কোপা আমেরিকার মাত্র চারদিন আগে মেসিকে আদালতে হাজিরা দিতে হবে।
কর ফাঁকির মামলায় জড়ানো মেসিকে ০২ জুন আদালতে উপস্থিত হতে হবে, এমনটাই জানিয়েছে স্পেনের একটি সংবাদ সংস্থা ইএফই। ২০০৭ সাল থেকে ২০০৯ সালের মধ্যে মেসি ও তার বাবা জর্জ মেসি ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
অভিযোগের ভিত্তিতে নিজেদের নির্দোষ প্রমাণ করতে আদালত থেকে তাদের সময় বেধে দেওয়া হয় ৩১ মে থেকে ০৩ জুন পর্যন্ত। মেসি ও তার পরিবার এই অভিযোগ অস্বীকার করায় ০২ জুন আদালতে যাবেন বলে জানা যায়।
জুন মাসের ছয় তারিখ থেকে কোপা আমেরিকার এবারের আসর শুরু হবে। নিজেদের প্রথম ম্যাচে মেসির দল খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে। কর ফাঁকির এই মামলায় ফেসে গেলে আর্জেন্টাইন দলপতির কোপার আসরে খেলা নিয়ে তৈরি হবে শঙ্কা।