
আইপিএলে এখন পর্যন্ত দুর্দান্ত খেলে চলেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ১০ ম্যাচে নিয়েছেন ১৩টি উইকেট। ইকোনমি রেটও মাত্র ৬.১৮।
সানরাইজার্স হায়দারাবাদের তো বটেই সারা ভারত জুড়েই তৈরি হয়েছে তার অসংখ্য ভক্ত। কিন্তু তার প্রতি এই ভালোবাসা যে কারো ঘর ভাঙ্গার কারণ হতে পারে তা হয়তো কেউ ধারণা করতে পারেনি। কিন্তু এমন তথ্যই দিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। তার নিজেরই নাকি এখন সংসার ভাঙ্গার জোগাড় মুস্তাফিজকে নিয়ে।
মুস্তাফিজকে নিয়ে কেনো তার ঘর ভাঙ্গবে? ব্যাখ্যাও দিলেন তিনি। বিদ্যুৎ চক্রবর্তী বলেন, ‘আমি বিরাট কোহলির ভক্ত। কিন্তু আমার ছেলেমেয়েরা মুস্তাফিজের দারুণ ভক্ত। আমার বউও ছেলেমেয়েদেরই দলে। তাই এমন হয়েছে মুস্তাফিজের কারণেই আমার সংসার ভাঙার জোগাড়।’
মুস্তাফিজের প্রশংসা করে এই ভারতীয় শিক্ষাবিদ আরও বলেন, ‘এখন ভারতে মুস্তাফিজের যত ভক্ত আছে, তারকা ব্যাটসম্যান কোহলিরও ততটা নেই। আইপিএলে সানরাজার্স হায়দরাবাদের হয়ে সে যেভাবে খেলছে, তা সত্যিই প্রশংসা করার মতো। স্বাভাবিক কারণে তার ভক্ত সমর্থকের সংখ্যাও বাড়বে।’
তিনি এসব কথা বলেন এশিয়াটিক সোসাইটির চতুর্থ মাসিক সাধারণ সভায়। আলোচনার বিষয় ছিল ‘বৈশ্বিক প্রেক্ষিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক’। আলোচনার এক পর্যায়ে ওঠে আসে খেলাধুলার প্রসঙ্গ।
এবারের আইপিএলে অন্তত ১০ ওভার বল করেছেন, এমন বোলারদের মধ্যে মুস্তাফিজই এখন পর্যন্ত সবচেয়ে মিতব্যয়ী বোলার।