
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী হিসেবে একাই মাঠে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ডেমোক্রেটিক দলে লড়াইয়ে রয়েছেন হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্স। লড়াইয়ে এগিয়ে থাকা হিলারি চাচ্ছেন ৭ জুন ক্যালিফোর্নিয়ার প্রাইমারি ভোটে জিতে স্যান্ডার্সকে মাঠছাড়া করতে। সবচেয়ে বেশি ৪৭৫ ডেমোক্রেটিক ডেলিগেটধারী ক্যালিফোর্নিয়াকে তাই দখলে নিতে মরিয়া হিলারি ও স্যান্ডার্স দু’জনই। এদিকে ট্রাম্প বাছাই ভোটে নিজের মনোনয়ন নিশ্চিত করে এবার নিজের পক্ষে দলকে ঐক্যবদ্ধ করার ঘোষণা দিয়েছেন। খবর বিবিসি, সিএনএন ও এএফপির।

ক্যালিফোর্নিয়ায় প্রাইমারি ভোটের দেরি এখন প্রায় এক মাস। তাতে কী! ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিশ্চিতে হিলারির জন্য স্বর্ণরাজ্য ক্যালিফোর্নিয়া। তাই গতকাল বৃহস্পতিবার লসঅ্যাঞ্জেলেসে ছুটে গেছেন হিলারি। সেখানে হিস্পানিক ও মেক্সিকান অভিবাসীদের একটি উৎসবে যোগ দেবেন তিনি। উৎসব প্রাঙ্গণ থেকে বেশি দূরে নয় ইস্ট লস অ্যাঞ্জেলেস কলেজ। এ রাজ্যে জিতলে ডেলিগেট ভোট নিশ্চিত হবে হিলারির। গত মাসে পরিচালিত এক জরিপেও স্যান্ডার্সের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছেন হিলারি।
প্রশাসনে আরও এশীয়-আমেরিকান নেওয়ার প্রতিশ্রুতি হিলারির : নিজে প্রেসিডেন্ট হলে প্রশাসনে আরও এশিয়ান-আমেরিকান নিয়োগের প্রতিশ্রুতি দিলে হিলারি ক্লিনটন। গতকাল ওয়াশিংটনে এশীয় বংশোদ্ভূত আমেরিকানদের এক অনুষ্ঠানে তিনি প্রতিশ্রুতি দেন।
রিপাবলিকানদের ঐক্যবদ্ধ করার প্রত্যয় ট্রাম্পের : ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের প্রাইমারিতে জেতার পর লড়াই থেকে সরে দাঁড়ান ট্রাম্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী টেড ত্রুক্রজ। এর পরই নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন আরেক মনোনয়নপ্রত্যাশী জন কাসিচ। এতে মনোনয়ন জেতার লড়াইয়ে একা মাঠে ট্রাম্প এবার দলকে ঐক্যবদ্ধ করার ঘোষণা দিয়েছেন।
ট্রিলিয়ন ডলারের ক্ষতি হবে :ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে তার পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের কয়েক ট্রিলিয়ন ডলার ক্ষতি হবে। দেশটির প্রবৃদ্ধি ২ শতাংশ করে যাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্প অবৈধ অভিবাসী বিতাড়নের যে অঙ্গীকার করেছেন তাতে এ ক্ষতি হতে পারে।