
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকরা।
সোমবার (২ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচির অংশ হিসেবে জবি শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করে।
এর আগে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ৩ ঘণ্টার কর্মবিরতি পালন করে শিক্ষকরা। এসময় সব ধরনের ক্লাস বন্ধ থাকে।
কর্মসূচিতে বক্তারা এ হত্যাকাণ্ডসহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও শাস্তি দাবি করেন।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, ‘বাংলাদেশে কোনো আইএস নেই। স্বাধীনতাবিরোধী, মানুষ পুড়িয়ে মারা সন্ত্রাসী শিবির গোষ্ঠী আইএস আদর্শ ধারণ করছে। এই শিবির গোষ্ঠীই বাংলাদেশের সব ধরনের হত্যাকাণ্ডের সাথে যুক্ত।’
তিনি আরও বলেন, ‘বড় বড় নেশাখোর যেমন তৈরি হয় বিড়ি দিয়ে, তেমনি বড় বড় সন্ত্রাস তৈরি হয় শিবির দিয়ে। আমরা সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার কামনা করছি।’
বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, ‘আমরা আমাদের সহকর্মী হত্যার প্রতিবাদ জানাই। আমরা কী করতে পেরেছি, শুধুমাত্র শোকের মালা গলায় দেয়া ছাড়া। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যা, কলাবাগানে জোড়া খুন, টাংগাইলের দর্জি হত্যা একই সূত্রে গাঁথা। এসব লোকদের খুঁজে বের করে বিচার করতে হবে।’
নীল দলের সাধারণ সম্পাদক লুত্ফর রহমান বলেন, ‘এসব হত্যাকাণ্ড ঘটলেই পুলিশ বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। অথচ এসব হত্যার মূল হোতা কে তা সহজেই বোঝা যায়। দ্রুত এসব হত্যাকারীদের খুঁজে বের করে বিচার না করলে হত্যাকাণ্ড আরও বেড়ে যাবে।’