
রাজধানী ঢাকায় টানা ছয় দিন বৃষ্টির পর অবশেষে দেখা মিলেছে কাঙ্ক্ষিত রোদের। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে উঁকি দেয় সূর্য। রোদ ওঠার পাশাপাশি গরমের দাপটও অনুভূত হচ্ছে। তবে স্বস্তির এই পরিস্থিতি বেশি সময় স্থায়ী নাও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ দুপুরের মধ্যেই ঢাকা ও আশপাশের এলাকায় দমকা হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হালকা বাড়তে পারে তাপমাত্রা। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে টানা ছয় দিনের ভারী বর্ষণে রাজধানীজুড়ে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রধান সড়কগুলো থেকে পানি নেমে গেলেও বিভিন্ন এলাকার অলিগলিতে এখনো পানি জমে আছে, যা সৃষ্টি করছে চরম ভোগান্তি। তবে আজ সকাল থেকে বৃষ্টি না থাকায় যাতায়াতে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।