সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

পুলিশ কর্মকর্তার মা’র গলাকাটা লাশ উদ্ধার

মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : 7:48 pm, রবিবার, ১৫ মার্চ, ২০২৬

খুলনার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ বাড়ির পূূর্ব পাশের পুকুর থেকে নিহত ভারতি মন্ডল(৫৫) এর গলাকাটা মরদেহ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামের প্রভাষ মন্ডলের স্ত্রী ও এসআই চিন্ময় মন্ডলের মা ভারতি মন্ডলের বাড়িতে তিনি একা থাকার সুবাদে শনিবার (১৪ মার্চ) রাতে দুর্বৃত্তরা হানা দিয়ে তাকে জিম্মি করে ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে। একপর্যায়ে তারা ভারতি মন্ডলের গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যার পর তার লাশ পাশের পুকুরে ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে লতা ইউপির পুতলাখালী ২নং ওয়ার্ডের সদস্য স্বপন কুমার মন্ডল জানান, রবিবার সকালে নিহত ভারতি মন্ডলের ভাই শংকরদানা গ্রামের সুকুমার মন্ডল পুকুর খনন কাজে তাদের বাড়িতে এসে বসত ঘরের বারান্দার গ্রীল খোলা দেখে বোন ভারতিকে ডাকাডাকি করতে থাকে। কিন্তু তার কোন সাড়া না পাওয়ায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে চিৎকার দেয়। তার চিৎকারের শব্দে পাশের বাড়ির লোকজন উপস্থিত হয়ে তাৎক্ষণিক তারা থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পুকুর থেকে তার লাশ উদ্ধার করলে তার গলায় একাধিক কোপের চিহ্ন ও মাথায় গভীর ক্ষত দেখা যায়। বাড়ির পশ্চিম পাশের রাস্তায় স্বর্ণালংকার রাখার খালি ব্যাগ এলামেলো অবস্থায় ছড়িয়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা জানায়, ছেলে এসআই চিন্ময় চাকুরির সুবাদে শরনখোলায় থাকেন। আর বাড়িতে তার মা ভারতি একা বসবাস করতেন। বাবা প্রভাষ ভিন্ন সংসারে পাইকগাছা উপজেলা সদরে বসবাস করেন বলে জানানো হয়। এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com