সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :

সুনামগঞ্জ বিচ্ছিন্ন, সিলেট পানির নিচে

সিলেট সংবাদদাতা
  • আপডেট সময় : 9:43 am, শনিবার, ১৮ জুন, ২০২২

চার ঘণ্টার পাহাড়ি ঢলে গত বুধবার সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা তলিয়ে ছিল। এর সঙ্গে ভারি বৃষ্টিপাত যোগ হয়ে গতকাল শুক্রবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সবই তলিয়ে গেল। আগের দিন থেকেই পানি দ্রুত বাড়ছিল। পানি এখন বাড়িঘরের ছাদ ছুঁই ছুঁই।

সিলেট ও সুনামগঞ্জ জেলায় পানিবন্দি প্রায় ৩০ লাখ মানুষ। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর, হাটবাজার—সবই পানির নিচে। কোথাও গলাপানি, কোথাও তারচেয়েও বেশি। নিরাপদ আশ্রয়, সুপেয় পানি ও খাদ্যসংকটে মানুষ দিশাহারা। নৌকাসংকটে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় মানুষ অন্ধকারে। মুঠোফোনের নেটওয়ার্ক থেকেও মানুষ বিচ্ছিন্ন। কেউ কারো সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারছে না। পানিবন্দি অবস্থা থেকে বাঁচতে মানুষ আকুতি জানাচ্ছে। নারী, শিশু ও বৃদ্ধদের নিয়ে স্বজনরা দুশ্চিন্তায়। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বন্যা বিলম্বিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। গতকাল দুপুর থেকে উদ্ধার তৎপরতায় মাঠে নেমেছে সেনাবাহিনী।

কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফয়জুর রহমান বলেন, ‘আমার পুরো ইউনিয়নে বুক সমান পানি। আমার বাড়ির সামনে দিয়ে অনবরত নৌকা যাচ্ছে, মানুষকে এনে রেখে আবার যাচ্ছে। নেটওয়ার্ক কম থাকায় এবং বিদ্যুৎ না থাকায় চার্জ দিতে না পারায় মানুষের মোবাইল ফোনগুলো বন্ধ হয়ে আছে। কে কী অবস্থায় আছে বোঝা যাচ্ছে না। ’

বন্যা পরিস্থিতিতে আটকে পড়া মানুষকে উদ্ধার ও তাদের ত্রাণ পৌঁছে দেওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জানিয়ে গোয়াইনঘাটের ইউএনও তাহমিলুর রহমান বলেন, ‘পুরো উপজেলায় পানি। আমরা এখন পর্যন্ত ৩০ হাজারের মতো মানুষকে উদ্ধার করেছি। উদ্ধার তৎপরতার পাশাপাশি ত্রাণ তৎপরতাও চালাতে হচ্ছে। ’ 

সিলেট সদরের ইউএনও নুসরাত আজমেরী হক বলেন, ‘সবচেয়ে বেশি খারাপ অবস্থা জালালাবাদ ও হাটখোলা ইউনিয়নের। আমরা ত্রাণ বিতরণসহ সার্বিক তৎপরতা অব্যাহত রেখেছি। ৩৩টি আশ্রয়কেন্দ্র খোলা হলেও উপজেলার সব কটি স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে মানুষের জন্য। ’

সুনামগঞ্জ শহরের হাজিপাড়ার বাসিন্দা ফিরোজা বেগম বলেন, ‘পাড়ার সবচেয়ে উঁচু বাসা আমার। ২০০৪ সালেও পানি ওঠেনি। কিন্তু এবারের বন্যায় বাসার ভেতরে কোমর পানি। শহরের কোনো পাড়া-মহল্লার বাসাবাড়ি প্লাবিত হওয়ার বাকি নেই। ’ তিনি বলেন, ‘ভোররাতে মনে হচ্ছিল পানিতে ডুবে যাব। তাই কষ্ট কড়ে সিঁড়ির ঘরে এসে আশ্রয় নিই। দুপুরে নৌকা এনে মানুষজন আমাদের পাশের দোতলা বাসায় তুলে দিয়েছেন। এমন প্রলয়ংকরী বন্যা আমার ৬০ বছরের জীবনে দেখিনি। ’

একই পাড়ার সাজিদুর রহমান বলেন, ‘এমন বন্যায় সব ডুবে যাবে, চোখকে বিশ্বাস করতে পারছি না। মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ বন্ধ থাকায় আমাদের অসহায় অবস্থা জানতে পারছে না দেশ-বিদেশের মানুষ। মানুষ এখন জীবন বাঁচানোর আকুতি জানাচ্ছে। বৃদ্ধ মা-বাবা ও সন্তান নিয়ে আমি চরম বিপদে। ’

নতুনপাড়ার বাসিন্দা কল্যালব্রত আচার্য বলেন, ‘আমাদের বাসার নিচতলা ডুবে গেছে। আমরা ওপরতলায় ওঠার আগেই মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এখন ঘরে কোনো খাবার নেই। খাবার পানিও নেই। পাড়ার সব দোকান পানির নিচে। ’

সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকির হোসেন বলেন, সুনামগঞ্জের লাখো মানুষ অসহায়। প্রশাসন সেনাবাহিনী চাওয়ায় উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

সিলেটের বন্যাকবলিত এলাকাগুলোর জন্য দুই হাজার ৯০০ বস্তা ত্রাণসামগ্রী বরাদ্দ দিয়েছে সিলেটের জেলা প্রশাসন। পাশাপাশি ১১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, ‘বন্যাদুর্গত এলাকাগুলোর জন্য ত্রাণ সহায়তাসহ যে যে সহযোগিতা দরকার তা আমরা করার চেষ্টা করছি। পাশাপাশি দুর্গত এলাকাগুলোতে আমাদের ইউএনওরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। ’

এদিকে আইএসপিআর জানায়, সিলেট সদর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এবং সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, দিরাই, দোয়ারাবাজার ও ছাতক উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় সেনা সদস্যরা পানিবন্দি মানুষকে উদ্ধার, অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্বাচন এবং দুর্গতদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা; চিকিৎসা সহায়তা  দেওয়া; খাদ্যগুদাম, পাওয়ার স্টেশন এবং অন্যান্য স্থাপনা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তাসহ সীমিত পরিসরে খাদ্য এবং সুপেয় পানি সরবরাহে কাজ করবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য ২৬ হাজার শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

ছাতক ও সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্র পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ায় দুর্ঘটনা এড়াতে সিলেট বিভাগের ১৬ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com