
নাগরিক সেবা নিশ্চিত করা, হাট-বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সরকারি সম্পত্তি সংরক্ষণের লক্ষ্যে জয়পুরহাটের কালাই পৌরসভার উদ্যোগে ঐতিহ্যবাহী কালাই সাপ্তাহিক হাটের আধুনিকায়ন কাজ এগিয়ে চলছে। অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে হাটটিকে ক্রেতা-বিক্রেতাবান্ধব করে গড়ে তোলা হচ্ছে।
কালাই পৌরসভার ঐতিহ্যবাহী এই হাটে প্রতি শনিবার ও বুধবার সাপ্তাহিক হাট বসে। হাটে খুচরা ব্যবসায়ীদের জন্য ১৮টি পাকা শেড নির্মাণ করা হচ্ছে। শেডগুলোতে বিদ্যুৎ সংযোগ, সুপেয় পানির ব্যবস্থা এবং প্রয়োজনীয় অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি হাটের অভ্যন্তরে পাকা রাস্তা নির্মাণের কাজও চলছে।
উন্নয়নকাজ নিয়মিত পরিদর্শন করছেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শামীম আরা। এ সময় কালাই পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম এবং প্রকৌশলী মো. শিহাব উদ্দিন উপস্থিত থেকে কাজের অগ্রগতি তদারকি করছেন।
স্থানীয় বাসিন্দা মেহেবুল ইসলাম তালুকদার ও ব্যবসায়ী আব্দুল ওহাব বলেন, বর্ষা মৌসুমে হাটে পানি জমে যাওয়ায় ক্রেতা-বিক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। শেড ও পাকা রাস্তা নির্মাণের ফলে সেই ভোগান্তি অনেকটাই কমবে। এছাড়া বিদ্যুৎ ও পানির সুবিধা নিশ্চিত হলে ব্যবসা পরিচালনাও সহজ হবে।
কালাই পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে হাট-বাজারের আধুনিকায়নের বিকল্প নেই। ক্রেতা ও বিক্রেতাদের স্বাচ্ছন্দ্যে বেচাকেনার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। তিনি জানান, উন্নয়নকাজ শেষ হলে বর্ষা মৌসুমেও নির্বিঘ্নে হাট পরিচালনা সম্ভব হবে। পাশাপাশি উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সুপেয় পানির সুবিধাও নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, এসব উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে কালাই পৌরসভার ঐতিহ্যবাহী হাটটি আরও আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব বাজার হিসেবে গড়ে উঠবে।