জেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের পৃথক অভিযানে ৯ জন অনলাইন জুয়ারিকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় অনলাইন জুয়ায় জড়িত অবস্থায় ৬ জনকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড এবং বিভিন্ন জুয়ার অ্যাপস জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, মো. হাবিবুর রহমান (২১), মো. মেহেদী হাসান মুন্না (২২), আসাদুল হাবিব (৩৫), মো. আপেল ইসলাম (২২), মো. লিমন (২২) ও মো. জাহিদুল ইসলাম (২৮)।
একই রাতে সদর থানার রেলস্টেশন ও মুক্তমঞ্চ এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ৩ জনকে আটক করে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, মো. ফরিদ আলী (২৭), মো. রাব্বী সরকার সৌরভ (২২) ও মো. মাসুদ ইসলাম (২২)। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড এবং জুয়া সংশ্লিষ্ট অ্যাপস উদ্ধার করা হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদ আহমেদ বাসস’কে জানান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. রওশন কবির বাসস’কে বলেন, অনলাইন জুয়া প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। তিনি তরুণদের এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।