শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :

সৌদি আরবে পৌঁছেছেন ৪০,৫৯০ বাংলাদেশি হজযাত্রী 

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 5:09 pm, শুক্রবার, ১ মে, ২০২৬

চলতি বছর হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০১টি হজ ফ্লাইটে মোট ৪০,৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। কর্মকর্তারা আজ (শুক্রবার) এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত ১০১টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।

হজ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।

এতে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম সরাসরি ৬,৮৩২ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। 

এছাড়াও আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৮,৮৩০ জন চিকিৎসাসেবা পেয়েছেন।

পরিচালক জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

বিমান সংস্থাভিত্তিক  তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬টি ফ্লাইটে ১৮,৯৯২ জন; সৌদি এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে ১৪,৪৫৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭,১৪২ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

বাকী ৩৭,৭৫৬ জন হজযাত্রী নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে পৌঁছাবেন বলেও তিনি জানান।

এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১ ট ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।

ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪,৫৬৫ জন সরকারি এবং ৭৩,৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

এ পর্যন্ত ঢাকাস্থ সৌদি দূতাবাস মোট ৭৮,৩৪৬টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৪৪৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩,৯০৩টি ভিসা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬শে মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com