
শেরপুর সদর উপজেলার সাত ইউনিয়ন এবং ঝিনাইগাতি উপজেলার সাত ইউনিয়নসহ মোট ১৪ ইউনিয়নে আজ শনিবার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে। সকাল ১১টার দিকে সদর উপজেলার রৌহা ইউনিয়নের নাওভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা নিজেদের মধ্যে গোলযোগের চেষ্টা করে। এ সময় সেখানে কর্তব্যরত পুলিশ তিন রাউন্ড শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহজাহান মিয়া জানান, যেখানেই কেউ কোনো ধরনের গোলযোগের চেষ্টা করবে প্রয়োজনে সেখানেই পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে- সকল কেন্দ্রে কর্তব্যরতদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে, রৌহা ও ভাতশালা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী এলাকায় যানবাহন চালানোর অভিযোগে সাত মোটরসাইকেল চালককে আটক করে তাদের নিকট থেকে তিন হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় করেছেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন ও সামসুদ্দিন মুন্না অর্থদণ্ড আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।