
বিজ্ঞানমনস্ক লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামি জামিনে মুক্তি পাওয়ার পর একটি বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মে) দুপুরে সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন : মোহাইমিন নোমান ও রশিদ আহমদ। উচ্চ আদালত থেকে অনন্ত বিজয় হত্যা মামলায় জামিন পেয়ে এ দিন তারা কারামুক্ত হয়েছিলেন।
কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলামেইলকে জানান, ‘গ্রেপ্তারকৃতরা বিস্ফোরক মামলার আসামি। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের পর বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে ফের কারাগারে পাঠানো হয়েছে।’
গত ২৭ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মান্নান রাহী ও তার ভাই মোহাইমিন নোমানকে তাদের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে মান্নান রাহী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। তবে তার বাবা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছিলেন, জোরপূর্বক ওই স্বীকারোক্তি আদায় করা হয়েছে।
এ ছাড়া রশিদ আহমদকে সিলেট সদর উপজেলার টুকেরবাজার থেকে গতবছরের ২ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গতবছরের ১২ মে সকালে সিলেট নগরের সুবিদবাজারে নিজ বাসার সামনে ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। অনন্ত হত্যার পর ওই রাতেই অজ্ঞাত পরিচয় ৪ জনকে আসামি করে তার বড়ভাই রত্নেশ্বর দাশ বাদি হয়ে সিলেট নগরীর বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে বিমানবন্দর থানা পুলিশ তদন্ত করলেও হত্যাকাণ্ডের ১৪ দিনের মাথায় দায়িত্বভার যায় সিআইডিতে। ‘আনসার বাংলা ৮’ নামে একটি সংগঠন অনন্ত হত্যার দায় স্বীকার করেছিল।