
রাত পোহালেই মেহেরপুরের গাংনী উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র ব্যানারে নির্বাচনে অংশ গ্রহণ করছেন। ভোটগ্রহণ নিয়ে ভোটারদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও পছন্দের প্রার্থীকে জেতাতে মরিয়া সকলেই। আগামী ৫ বছরের জন্য কে হচ্ছেন জন প্রতিনিধি তা দেখার জন্য অধীর আগ্রহে ভোটের দিকে তাকিয়ে রয়েছে এ উপজেলাবাসী।
সাহারবাটি ইউপিতে আওয়ামী লীগের গোলাম ফারুক ও বিএনপির বাসীরুল আজিজ বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখনো নেই কোনো বিদ্রোহী কিংবা অন্য দলের প্রার্থী। তাই এ ইউপিতে আ.লীগ-বিএনপির তুমুল ভোটযুদ্ধ হবে।
২০১১ সালের ইউপি নির্বাচনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু ৭ হাজার ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের ফজলুর রহমান পেয়েছিলেন ৫ হাজার ৭৬৮ ভোট এবং গোলাম ফারুক পেয়েছিলেন ৬৮৯ ভোট। আসাদুজ্জামান বাবলু এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
কাথুলী ইউপিতে আওয়ামী লীগের মিজানুর রহমান, বিএনপির জিয়াদ আলী ও আওয়ামী লীগের বিদ্রোহী শিহাব উদ্দীন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এখানে আওয়ামী লীগ ও বিদ্রোহীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সামাজিক বিভিন্ন কারণে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারছেন না বিএনপির প্রার্থী। বিএনপির অনেক নেতাকর্মী শিহাব ও রানার পক্ষে সরাসরি কাজ করছেন। গত নির্বাচনে শিহাবের বাবা প্রয়াত কাবুল হোসেন ৪ হাজার ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিজানুর রহমান রানার বাবা আমিনুল ইসলাম ৪ হাজার ৬৪ ভোট পেয়েছিলেন। বিএনপির অপর প্রার্থী জিয়াদ আলী পেয়েছিলেন ৩ হাজার ২২৭ ভোট।
সবচেয়ে বেশি সংখ্যক চেয়ারম্যান প্রার্থী এবারো কাজিপুর ইউপিতে। আওয়ামী লীগের আবু নাতেক, বিএনপির রাহাতুল্যা, জামায়াত সমর্থীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলম হুসাইন, আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল আলিম, জমির উদ্দীন ও হাফিজুর রহমান, বিএনপির বিদ্রোহী মনজুর হোসেন টকি ও আবুল কালাম প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। কাজিপুর ইউনিয়ন বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিতি। মোট ভোটের এক তৃতীয়াংশ বিএনপির। তার পরেও গত নির্বাচনে বিএনপির প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জামায়াত সমর্থীত আলম হুসাইন। এবার আলম হোসেনের সঙ্গে কে কে মূল প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেন তা দেখার অপেক্ষা করতে হবে ভোটের ফলাফল পর্যন্ত।
বিগত নির্বাচনে জামায়াত সমর্থীত মুহা. আলম হুসাইন ৬ হাজার ৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটত প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থীত রাহাতুল্লাহ পেয়েছিলেন ৫ হাজার ৪১৬ ভোট। আ.লীগ সমর্থীত গোলাম মোস্তফা পেয়েছিলেন ২ হাজার ৮৯৩ ভোট।
মটমুড়া ইউপিতে আ.লীগের আবুল হাসেম, বিএনপির হামিদুল হক ও আ.লীগের বিদ্রোহী সোহেল আহম্মেদ প্রতিদ্বন্দ্বি করছেন। এখানে বিএনপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সোহেল আহম্মেদের। গত নির্বাচনে বিএনপি সমর্থীত সিরাজুল ইসলাম ১২ হাজার ৭১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আ.লীগ সমর্থীত সোহেল আহম্মেদ পেয়েছিলেন ১১ হাজার ৩৯০ ভোট। গত বছরের দুই প্রার্থী এবার দলীয় মনোনয়ন পাননি। সিরাজুল ইসলাম নির্বাচনে অংশ গ্রহণ করেননি। তবে লড়ছেন সোহেল আহম্মেদ।
ধানখোলা ইউপিতে আ.লীগের আব্দুর রাজ্জাক, বিএনপির আখেরুজ্জামান, জামায়াত সমর্থীত মশিউর রহমান সাবান, আ.লীগের বিদ্রোহী গোলাম সরওয়ার ও স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভোট যুদ্ধে রয়েছেন। উভয় জোটের বিদ্রোহী প্রার্থী থাকায় দলীয় প্রার্থীরা কিছুটা বিপাকে। তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর অবস্থা গত নির্বাচনের মত ভাল নয়। সে ক্ষেত্রে গত নির্বাচনের মত যদি জামায়াত প্রার্থী ভোট বেশি পান তাহলে এবারো বিএনপি প্রার্থী অসুবিধায় পড়তে পারেন। সেক্ষেত্রে গত নির্বাচনের মত ত্রিমুখি নাকি দ্বিমুখি ভোট যুদ্ধ হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। গত নির্বাচনে আব্দুর রাজ্জাক ৬ হাজার ৯৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির আখেরুজ্জামান পেয়েছিলেন ৬ হাজার ৭১৫ ভোট। জামায়াত সমর্থীত মশিউর রহমান সাবান ৫ হাজার ২৭১ ভোট ও আওয়ামী লীগের অপর প্রার্থী গোলাম সরওয়ার ৩ হাজার ২৫৯ ভোট পেয়েছিলেন।
বামন্দী ইউপিতে আওয়ামী লীগের শহিদুল ইসলাম, বিএনপির আমিরুল ইসলাম ও আ.লীহের বিদ্রোহী প্রার্থী হবিবুর রহমান হবি ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ভোটের শুরু থেকেই এ ইউপিতে টান টান উত্তেজনার মধ্য দিয়ে সময় পার হচ্ছে। বর্তমান চেয়ারম্যান আব্দুল আওয়াল মনোনয়ন বঞ্চিত হলে স্বতন্ত্র প্রার্থী হন। কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রত্যাহার করেন। বিএনপির নতুন প্রার্থী আমিরুল শুরু থেকেই মাঠে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারছিলেন না। এখানে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী লড়াই নাকি ত্রিমুখি লড়াই তা দেখার অপেক্ষায় রয়েছেন ভোটাররা। গত নির্বাচনে বিএনপি সমর্থীত আব্দুল আওয়াল ৫ হাজার ৫৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের সমর্থীত শহিদুল বিশ্বাস পেয়েছিলেন ৫ হাজার ৫৫৪ ভোট। মাত্র ৯ ভোটে পরাজিত হন শহিদুল ইসলাম। আওয়ামী লীগের পর প্রার্থী প্রয়াত সাইদুর রহমান বেল্টু পেয়েছিলেন ৩ হাজার ৬৪৫ ভোট।
রায়পুর ইউপিতে আওয়ামী লীগের গোলাম সাকলায়েন ছেপু, বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলফাজ উদ্দীন কালু ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইসমাইল হোসেন মাঠে রয়েছেন। রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক পেক্ষাপটে এ ইউপিতে কে হচ্ছেন চেয়ারম্যান তা নিয়ে রয়েছে বিভিন্ন মতামত। গত নির্বাচনে ৪ হাজার ৬ ভোট পেয়ে আলফাজ উদ্দীন কালু নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের গোলাম সাকলয়েন ছেপু পেয়েছিলেন ৩ হাজার ৮৩১ ভোট। জামায়াত প্রার্থী আসাদুজ্জামান ৩ হাজার ৩৮১ ভোট ও আওয়ামী লীগের অপর প্রার্থী ফারুক হোসেন পেয়েছিলেন ৯৩৫ ভোট।
ষোলটাকা ইউপিতে আওয়ামী লীগের আমিনুল কবির দেলবার, বিএনপির মনিরুজ্জামান মনি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আয়ুব আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুরু থেকেই এ ইউপিতে পেশিশক্তি প্রয়োগের অভিযোগ করে আসছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। একারণে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। গত নির্বাচনে মনির পিতা বিএনপি সমর্থীত প্রয়াত সাবদাল হোসেন কালু ৭ হাজার ৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আ.লীগের আয়ুব হোসেন ৫ হাজার ৩১৪ ও আ.লীগের অপর প্রার্থী খোদাদাদ হোসেন খেদু ৯৮৫ ভোট পেয়েছিলেন। সাবদাল হোসেন কালুর মৃত্যুজনিত উপনির্বাচনে আয়ুব আলী নির্বাচিত হন।
তেঁতুলবাড়ীয়া ইউপিতে আ.লীগের আব্দুল্লাহ আল মামুন, বিএনপির জাহাঙ্গীর আলম, আয়ামী লীগের বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, বিএনপি সমর্থক আমিরুল ইসলাম ও জামায়াত সমর্থীত আব্দুল মালেক মাঠে রয়েছেন। করমদি গ্রাম বিএনপি অধ্যূষিত। এ গ্রামের ভোটের উপরে নির্ভর করে পাশ ফেল। বিএনপি প্রার্থী করমদি গ্রামে কত ভাগ ভোট পাবেন তার উপরে নির্ভর করবে প্রতিদ্বন্দ্বিতা।