
শেরপুর সদর থানার ওসিকে প্রত্যাহারের পর এবার শেরপুর-১ আসনে ক্ষমতাসীন দলের এমপি ও জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমানকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল ৭ মে অনুষ্ঠেয় ইউনিয়ন (ইউপি) পরিষদ নির্বাচনের চতুর্থ দফাকে সামনে রেখে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইসির উপসচিব ফরহাদ আহমেদ খানের সই করা চিঠিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। শুক্রবার এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তা এবং ওই এমপির কাছে পাঠানো হয়েছে।
ওই চিঠি পাওয়ার কথা জানিয়ে শেরপুরের জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, গত ৩ মে শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের গাজীরখামার উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আওলাদুল ইসলামের পক্ষে স্থানীয়দের কাছে ভোট চান হুইপ আতিক, যা আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি নজরে আসায় নির্বাচন কমিশন এই পদক্ষেপ নেয় বলে জেলা নির্বাচন কর্মকর্তা জানান।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন না। এমপিরাও পারেন না। হুইপ প্রতিমন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন। তাই তার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।