
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনীদের গ্রেফতার ও বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ধর্মঘট চলছে। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল ৭টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ব্যানারে কলাভবনের মূল ফটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
অনেকটা স্বতঃস্ফূর্ত এই ধর্মঘটে প্রায় সব ক্লাস বন্ধ থাকলেও আওতামুক্ত থাকায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিকেল চারটায় এ ধর্মঘট শেষ হবে।
গত শুক্রবার শাহবাগে অবরোধের পর সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার এই ধর্মঘট ডাকে তনুর খুনিদের গ্রেফতার-বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃদ্ধ ব্যানারে আন্দোলনরত একদল শিক্ষার্থী।
এর আগে তনুর খুনিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানে একঘণ্টা ধর্মঘটের কর্মসূচি দেয় গণজাগরণ মঞ্চ।
গত ২০ মার্চ খুন হন ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও থিয়েটারকর্মী সোহাগী জাহান তনু। পরদিন সকালে কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি কালভার্টের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার বাবা ইয়ার হোসেন ময়নামতি ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী। সে সুবাদে তনুরা অনেকদিন ধরেই সেনানিবাস এলাকায় বসবাস করছেন।
তনুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদমুখর হয়ে উঠেছে পুরো দেশ। হত্যাকারীদের বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদ চলছে।