গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে রাস্তায় নামলে চোখ মেলে তাকিয়ে থাকাটাই মুশকিল হয়ে পড়ে। রোদচশমা দিয়েও তো রক্ষা মেলে না। ঢাকার রাস্তার অসহনীয় যানজটে বসে থাকতে থাকতে একটা পর্যায়ে শীতাতপনিয়ন্ত্রিত গাড়িটিকেও অসহ্য লাগে। তারপর গতকাল রোববার সন্ধ্যায় কালবৈশাখীর কবলেও পড়েছিলেন—কোনো কিছুই দমিয়ে রাখতে পারছে না আরিফিন শুভ ও তিশাকে। সবকিছুকে উপেক্ষা করে ছুটছেন তাঁরা। তাঁদের এই ছুটোছুটির একমাত্র কারণ নতুন সিনেমা ‘অস্তিত্ব’র মুক্তি।
৬ মে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শুভ ও তিশা জুটির প্রথম সিনেমা ‘অস্তিত্ব’। যে করেই হোক এই সিনেমা দেখাতে দর্শককে প্রেক্ষাগৃহে আনতে চান তাঁরা। এই জন্য দিনরাত ছুটছেন শুভ ও তিশা।
প্রথম আলোকে শুভ বলেন, ‘আমরা এটাকে শুধু একটি ছবি বলছি না। এই ছবির মাধ্যমে আমরা একটি মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছি। আমরা চাই এই উদ্যোগের ব্যাপারটি সবাই জানুক। তাই তো আমরা “অস্তিত্ব” নিয়ে ব্যস্ত আছি।’
শুভ এও বলেন, ‘ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে আমার মনে হয়েছে, সবাই সিনেমা দেখতে চান। কিন্তু সিনেমাপ্রেমী এসব মানুষের কাছে ঠিকভাবে সিনেমার বার্তাটা পৌঁছায় না। তাই তাঁরা কোনো ভালো সিনেমা মুক্তি পেলেও দেখা থেকে বঞ্চিত থেকে যান। তা ছাড়া এখন আমরা সবাই অনেক বেশি ব্যস্ত। কেউ কাউকে কোনো কিছু না জানালে, ক্ষেত্রবিশেষে নিজে থেকে জানতেও চাই না। আমরা জানাচ্ছি এবং সবাই আমাদের স্বাগত জানাচ্ছেন।’
তিশা বলেন, ‘আমরা চাই “অস্তিত্ব” ছবিটি সবাই দেখুক। তাই তো সবাইকে বলছি। সবাই আমাদের যেভাবে আন্তরিকতা দেখাচ্ছে তাতে মুগ্ধও হচ্ছি। যেখানেই যাচ্ছি, বাংলা সিনেমা সম্পর্কে ইতিবাচক সাড়া পাচ্ছি। এভাবেই একদিন বাংলা সিনেমা এগিয়ে যাবে।’
আরিফিন শুভ ও তিশা টিভি নাটকে একসঙ্গে জুটি বেঁধে কাজ করলেও বড় পর্দায় এটিই তাঁদের প্রথম কাজ। অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ সিনেমায় শুভ-তিশা ছাড়াও অভিনয় করছেন নিঝুম রুবিনা, সুচরিতা, সুজাতা, আজিম, কাবিলা প্রমুখ।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com