
এশিয়া কাপের পর টি ২০ বিশ্বকাপেও ব্যর্থ পাকিস্তান। দেশে ফিরে বোর্ডের কাছে ব্যর্থতার কারণ উল্লেখ করে রিপোর্ট দিয়েছেন কোচ ওয়াকার ইউনুস। রিপোর্টের ভিত্তিতে বিশ্বকাপ চলাকালীন শৃংখলাবিরোধী কর্মকাণ্ডের জন্য ওপেনার আহমেদ শেহজাদ ও উমর আকমলকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রিপোর্টে ওয়াকার জানান, শুধু টি ২০ বিশ্বকাপই নয়, এশিয়া কাপেও আফ্রিদি একেবারেই সিরিয়াস ছিলেন না।
শুধু তাই নয়, দলের অনুশীলন ও মিটিংয়েও সব সময় থাকতেন না আফ্রিদি। এর ফলে দলের দুই সিনিয়র ক্রিকেটার শেহজাদ ও উমর আকমল যথেচ্ছা শৃংখলা ভেঙেছেন। ওয়াকার আরও জানান, দলের সিনিয়র ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ টিম ম্যানেজমেন্টের কাছে চোট লুকিয়েছেন। বিশ্বকাপে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হাফিজ চোটের কথা টিম ম্যানেজমেন্টকে জানাননি।