
রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৪১) নামে এক র্যাব সদস্য নিহত হয়েছেন। তিনি র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার ওয়ারেন্ট অফিসার।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তরা জসিম উদ্দিন রোড মোড়ে এই দুর্ঘটনা ঘটে। হাবিবুর রহমান সেনাবাহিনীতে ৩৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। তিনি র্যাব সদর দফতরে ডেপুটশনে দায়িত্ব পালন করছিলেন।

র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ বলেন, হাবিবুর রহমান ছুটিতে টাঙ্গাইলের কালীহাতিতে নিজ বাড়িতে যাচ্ছিলেন। তিনি র্যাব সদর দফতরের সৈনিক ইউনিটে থাকতেন। ভোরেই বাস ধরার জন্যে জাসিম উদ্দিন রোড মোড়ে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি দুর্ঘটনার শিকার হয়ে নিহত হন। তবে বাস বা ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়েছে কিনা এ ব্যাপারে কোনো প্রত্যক্ষদর্শীর তথ্য মেলেনি।
র্যাব সদস্যরা ঘনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডকেল কলেজ মর্গে পাঠিয়েছে।