
ক্যারিবীয় পতাকা উড়েছে গোটা ক্রিকেট বিশ্বে। হ্যাঁ ঠিক তাই, কারণ ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুই শিরোপা যে উঠেছিল তাদের ঘরেই।
তখন ক্রিকেট বিশ্বের রাজা ও অবিসংবাদিত সম্রাট ছিলো ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু হঠাৎই সেই গৌরবের দিন হারিয়ে ফেলে তারা। এর জ্বলন্ত প্রমাণ ওয়ানডে র্যাঙ্কিংয়ের নয় নম্বরের দল যে ওয়েস্ট ইন্ডিজ! কিন্তু মাঝেমধ্যেই হারানো গৌরব ফিরে পেতে ঝলসে ওঠে ক্যারিবিয়রা।
এবারও যেমন ঝলসে উঠেছে। গতকাল ড্যারেন স্যামিদের দুর্দান্তভাবে ফাইনালে ওঠার আগেই বিশ্বকাপের ফাইনালে উঠেছে তাদের নারী দলও। গতকালই নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ক্যারিবীয় মেয়েরা। ৩ এপ্রিল ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
এই কারণেই ওয়েস্ট ইন্ডিজ এবার একসঙ্গে দুটি বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘরে ফেরার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে?
এবার একটু পিছিয়ে গত ফেব্রুয়ারির কথাই মনে করা যাক, ওয়েস্ট ইন্ডিজের যুবদলও কিন্তু বাংলাদেশ থেকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ট্রফি জিতে ঘরে ফিরেছিল। ১৪ ফেব্রুয়ারি থেকে ৪ এপ্রিল—প্রায় ৪৫ দিনের ব্যবধানে তিন তিনটি বিশ্বকাপ ট্রফির সামনে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট!
গতকাল ম্যাচ শেষেও ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি জানালেন, লড়াইয়ের প্রেরণা তারা নারী দল কিংবা যুবদলকে দেননি। বরং সেই দুটি দলের কাছ থেকেই খুঁজে নিয়েছেন অনুপ্রেরণা।