
ঘরের মাঠে ভারতই শিরোপা জিতবে, এমন প্রত্যাশায় ছিলেন ভারতীয় কোটি সমর্থকরা। সেই লক্ষ্যেই এগোচ্ছিল ধোনির দল। কিন্তু সেমিফাইনালেই বড় ধাক্কা খেতে হলো তাদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ভারতকে।
রানের পাহাড় গড়ার পরও চেষ্টার কমতি ছিল না কোহলিদের। তারপরও ভাগ্যের লিখন না যায় খন্ডন। হৃদয় বিদারক হারে হতাশ হয়ে পড়েছিলেন কোহলি-জাদেজারা। হতাশ সেই ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার।
প্রিয় স্টেডিয়াম মুম্বাই ওয়াংখেড়েতে মাঠে উপস্থিত থেকেই খেলা উপভোগ করেছিলেন তিনি। ভারতের হারের পর এক টুইট বার্তায় শচীন বলেন, ‘কঠিন ভাগ্য আমাদের। এটি ভালো একটি ম্যাচ ছিল এবং অসাধারণ লড়াই হয়েছিল। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের জন্য শুভ কামনা রইল’।