মামলাজট থেকে বিচার প্রার্থীদের রক্ষা করতে দেশে সান্ধ্য আদালত চালুর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
শুক্রবার সকালে সাভারের খাগানে ব্র্যাক সেন্টারে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আয়োজিত ‘‘অধ্বস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিচারিক কাজের যথাযথ মূল্যায়ণ এবং সাফল্য নির্ধারণের মানদণ্ড নিরূপণ’’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আরও বলেন, ‘১৬ কোটি মানুষের জন্য ১৫শ জজ নিতান্তই অপ্রতুল। এরপর রয়েছে বিচার কক্ষের স্বল্পতা।’
তিনি বলেন, ‘বর্তমানে মামলা জট আমাদের বিভ্রান্ত করে। আমাদের কাছে এমন কোনো ম্যাজিক নাই যার মাধ্যমে আমরা মামলা জট দ্রুত নিরসন করতে পারবো। জজের সংখ্য বৃদ্ধি না করা হলে এ মামলা জট নিরসন সম্ভব নয়। তবে শুধু জজ নিয়োগ করলেই হবে না, তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান ও নেপালসহ বিভিন্ন দেশে বিচারকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ একাডেমি থাকলেও আমাদের দেশে নেই। তবে ইতোমধ্যে বিচারকদের দক্ষতা বৃদ্ধির জন্য একটি প্রশিক্ষণ একাডেমি স্থাপনের জন্য সরকারের কাছে ৫০ একর জমি চেয়ে আবেদন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এতো সীমাবদ্ধতা থাকার পরও গত বছর আমরা অনেক বেশি সংখ্যক মামলা নিষ্পত্তি করতে সক্ষম হয়েছি। উচ্চ এবং নিম্ন আদালতে ২০১৪ এর তুলনায় ২০১৫ সালে বিচারিক ডিভিশন দ্বিগুণ করা হয়েছে। দেশে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা আর মানবাধিকার রক্ষার জন্যে আমাদের সংবিধান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। আমরা যেকোনো মূল্যে এই সংবিধানের মর্যাদা রক্ষায় বদ্ধ পরিকর।’
এ সময় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লোম বার্নিকেট।
সাংবাদিকরে প্রশ্নের জবাবে মার্সিয়া স্টিফেন্স ব্লোম বার্নিকেট বলেন, ‘তারা যেকোনো ধরনের সহিংসতার বিরোধী। স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।’
নারীদের যৌন হয়রানি বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা নারীর প্রতি সংহিসতার কথা বরাবরই বলে আসছি। নারীর প্রতি সহিংসতা আমরা দেশেও আছে। তবে বাংলাদেশে সহিংসতা বন্ধের জন্য যেভাবে জনগণ জেগে উঠেছে যুক্তরাষ্ট্র তাকে স্বাগত জানায়।’
বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক USAID Gi Justice For All (JFA) Program এর সহযোগিতায় আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।
দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম ধাপে ৪০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা বিভিন্ন সেশনে নির্ধারিত বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের কর্মকর্তারা, USAID এর প্রতিনিধি ও কর্মকর্তা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকরা উপস্থিত ছিলেন।
শেষ দিন শনিবার আরও ৪০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মশালার বিভিন্ন আলোচ্যসূচির উপর আলোচনায় অংশগ্রহণ করবেন।
এদিন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com