খুলনার পাইকগাছায় চোরাই মালামালসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে কহিনুর বেগম (৪৫) ও আসাদুল ইসলাম (২১) নামে দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ফ্রিজ ও একটি বক্স খাট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, উপজেলার গদাইপুর ইউনিয়নের গদাইপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী শাহানা সুলতানা বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা করেছেন। মামলা সূত্রে জানা গেছে, বাদীর খালাতো ভাই মানবাধিকারকর্মী আমিনুর ইসলামের পৌর সদরের বিদ্যুৎ পাওয়ার গ্রিডের পেছনে একটি বাসা রয়েছে। অফিসিয়াল কাজে ঢাকায় যাওয়ার সময় তিনি বাসার চাবি শাহানা সুলতানার কাছে রেখে যান। এই সুযোগে দুর্বৃত্তরা বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে খাট, ফ্রিজসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। পরে চুরি হওয়া বক্স খাট আটককৃতদের কাছে রয়েছে বলে জানতে পেরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে কহিনুর বেগম ও আসাদুল ইসলামকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক কৃপাসিন্দু মৃধা জানান, চুরি হওয়া মালামাল জব্দ করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আওয়াল কবির বলেন, অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে। বুধবার দুপুরে গ্রেফতার দুই আসামিকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com