স্পেনের রাজধানী মাদ্রিদের কাছে জ্বলতে থাকা একটি দাবানলকে শনিবারের মধ্যে নিয়ন্ত্রণে আনার আশা করছেন দমকলকর্মীরা। তবে অনিয়মিত ও দিক পরিবর্তনশীল বাতাস ভয়াবহ এই আগুনকে আরও ছড়িয়ে দিতে পারে।
শুক্রবার দুটি পৃথক দাবানল একীভূত হয়ে একটি বিশাল আগুনে পরিণত হয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে রাজধানীর পশ্চিম আকাশ ধূসর ধোঁয়ায় ঢেকে গেছে এবং আগুনের পোড়া গন্ধ মাদ্রিদের কেন্দ্রস্থল পর্যন্ত পৌঁছে গেছে। কর্মকর্তাদের ভাষ্য, এটি এ অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খরায় পুড়ে যাওয়া গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়া এই দাবানলের কারণে ৬৩ হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে হয়েছে অথবা ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
শুক্রবার রাতে মাদ্রিদে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি ফ্রান্সিসকো মার্টিন সাংবাদিকদের জানান, ‘তাপমাত্রা কিছুটা কমে আসায় এখন আগুন নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হয়েছে।’
তিনি আরও বলেন, শুক্রবার তাপমাত্রা কমেছে, বাতাসের গতি হ্রাস পেয়েছে ও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়েছে।’
তবে তিনি সতর্ক করে বলেন, শনিবার পরিস্থিতি ‘কঠিন’ হতে পারে। কারণ সকালে বাতাসের গতি বাড়তে পারে এবং দমকা হাওয়ার দিক অনিয়মিতভাবে পরিবর্তিত হতে পারে।
এর আগে, শুক্রবার মাদ্রিদ আঞ্চলিক সরকারের জরুরি ব্যবস্থাপনা প্রধান কার্লোস নভিয়ো সাংবাদিকদের বলেন, দাবানলটি ‘সবচেয়ে ভয়াবহ পর্যায়ে রয়েছে এবং বর্তমানে এটি নিয়ন্ত্রণে আনার সক্ষমতার বাইরে চলে গেছে।’
দাবানলটির পাশের কাস্তিয়া ই লেওন অঞ্চলের আরেকটি দাবানলের সঙ্গে মিলিত হওয়ারও আশঙ্কা রয়েছে।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের শনিবার সকালে আগুনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেনিসিয়েন্তোস গ্রামে জরুরি পরিকল্পনা সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।
বৈঠক শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com