ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর ইতালি জাতীয় দলের শূন্য কোচের পদের প্রস্তাব পেলেও পেপ গার্দিওলার পরিকল্পনা ফুটবল থেকে অন্তত এক বছরের বিরতি নেওয়া। ইএসপিএনকে এমনটাই জানিয়েছে তার ঘনিষ্ঠ একটি সূত্র।
চলতি সপ্তাহের শুরুতে ইএসপিএন জানিয়েছিল, গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার পর চারটি জাতীয় দল গার্দিওলার সঙ্গে যোগাযোগ করেছিল। তাদের মধ্যে ইতালিও ছিল।
শুক্রবার ইতালির দৈনিক লা গাজ্জেত্তা দেলো স্পোর্ট জানায়, গার্দিওলা ইতালির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
গার্দিওলার ঘনিষ্ঠ সূত্রটি ইএসপিএনকে আরও জানিয়েছে, কাতালান কোচ যেহেতু কিছু সময়ের জন্য ফুটবল থেকে দূরে থাকতে চান, তাই এই মুহূর্তে ইতালির দায়িত্ব নেওয়ার বিষয়ে কোনো আলোচনা বাস্তবসম্মত ছিল না।
বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ ম্যানচেস্টার সিটিতে টানা ১০ বছর দায়িত্ব পালনের পর এখন ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার দিতে চান।
তবে ভবিষ্যতে তিনি কোচিংয়ে ফিরলে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহী থাকতে পারেন বলেও সূত্রটি জানিয়েছে। চলমান গ্রীষ্মে আরও কয়েকটি দেশও তার প্রাপ্যতা সম্পর্কে খোঁজ নিয়েছে।
যদিও কোন কোন দেশ যোগাযোগ করেছে, তা নিশ্চিত করতে পারেনি ওই সূত্র। তবে এর আগে নেদারল্যান্ডস ও ইংল্যান্ড গার্দিওলাকে কোচ হিসেবে পাওয়ার আগ্রহ দেখিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইতালির নতুন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এ সপ্তাহে জানান, দেশটির ফুটবল ফেডারেশন (এফআইজিসি) শূন্য পদটির জন্য বর্তমান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল।
আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের চুক্তি ২০৩০ সাল পর্যন্ত রয়েছে। বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে বিদায় নিলেও তিনি ব্রাজিলের দায়িত্বে বহাল থাকছেন।
এ ছাড়া ইতালির সাবেক কোচ রবার্তো মানচিনি বলেছেন বিশ্বকাপজয়ী আন্দ্রে পিরলো এবং এন্টোনিও কন্টের নামও ইতালির নতুন কোচের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছে।
গত এপ্রিলে বিশ্বকাপের প্লে-অফে বসনিয়া-হার্জেগোভিনার কাছে হারের পর তৎকালীন কোচ জেন্নারো গাত্তুসো পদত্যাগ করেন। এরপর থেকেই নতুন কোচের সন্ধান করছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com