প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৫:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৫:৪৭ পি.এম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম, বাড়ি বাড়ি যাবেন কৃষি কর্মকর্তারা

জাতীয় নির্বাচনী ইশতেহারে ঘোষিত কৃষকদের জন্য 'কৃষক কার্ড' বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে প্রাথমিক পর্যায়ে উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি কৃষি ব্লকে (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) এ কার্যক্রম উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের সব কৃষি ব্লকে এ কার্যক্রম পরিচালিত হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষকদের একটি নির্ভুল তথ্যভান্ডার তৈরি এবং সরকারি কৃষি সহায়তা, প্রণোদনা ও অন্যান্য সেবা সহজে ও কার্যকরভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই তথ্য সংগ্রহ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সম্পূর্ণ অনলাইনভিত্তিক মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিজ নিজ বাড়িতে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। এজন্য কৃষকদের নিজ বাড়িতে উপস্থিত থাকতে হবে। তথ্য সংগ্রহের সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর মূল কপি সঙ্গে রাখতে হবে।
এছাড়া একজন নমিনি নির্ধারণ করতে হবে, যিনি নিজ এনআইডির মূল কপিসহ উপস্থিত থাকবেন। কৃষি সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে তথ্য সংগ্রহকারী কর্মকর্তাদের সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ বলেন, "জাতীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য উপজেলার সকল কৃষক ও কৃষাণীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা বাড়িতে গেলে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করুন এবং কৃষক নিবন্ধন নিশ্চিত করুন।"
তিনি আরও বলেন, "কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যতে সরকারি কৃষি সহায়তা, বিভিন্ন প্রণোদনা এবং অন্যান্য কৃষিসেবা আরও দ্রুত ও কার্যকরভাবে প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।"
উপজেলা কৃষি অফিস জানিয়েছে, দেশের অন্যান্য উপজেলার মতো বালিয়াকান্দিতেও পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের প্রতিটি কৃষি ব্লকে এই তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। সরকারের কৃষক কার্ড বাস্তবায়ন উদ্যোগ সফল করতে সকল কৃষককে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube