প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৬, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৬, ১১:০১ এ.এম
রাজবাড়ীতে সরকারি খালের ওপর অবৈধ মুরগির খামার উচ্ছেদ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সরকারি খালের ওপর অবৈধভাবে গড়ে তোলা দুইটি মুরগির খামার ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১ জুলাই) দুপুরে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাজিরউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসনের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান। অভিযানকালে খালের পানি প্রবাহ সচল ও স্থানীয় কৃষির সুরক্ষার বিষয়টি তদারকি করতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সৈয়দ রায়হানুল হায়দার এবং অবকাঠামোগত বিষয়ে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আবু বকর। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ফোর্সের একটি দল অভিযানে নিয়োজিত ছিল। সকলের উপস্থিতিতে খালের ওপর নির্মিত খামারের অবৈধ অংশটি সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরে গোয়ালন্দের নাজিরউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিশ্বনাথপাড়া বেরিবাঁধ পর্যন্ত ১ দশমিক ৬৮০ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখননের জন্য ২১ লাখ ৬৭ হাজার ১৭২ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, পুনঃখননের ওই সরকারি খালের ওপরই অবৈধভাবে মুরগির খামারটি নির্মাণ করা হয়েছিল। খাল পুনঃখনন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা, খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনা এবং কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বিসমিল্লাহ এগ্রো ফার্মের মালিক হাবিবুর রহমান বলেন, “এটি ১০ থেকে ১২ জনের যৌথ মালিকানাধীন একটি খামার। খালের এ জায়গাটি বিএস রেকর্ডে সরকারের নামে থাকলেও আরএস ও এসএ রেকর্ডে আমার নামে রয়েছে। পরে রেকর্ড সংশোধনসংক্রান্ত মামলায় আমরা আমাদের পক্ষে রায় পেয়েছি বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, প্রায় এক মাস আগে উপজেলা প্রশাসন থেকে খামারটি সরিয়ে নেওয়ার জন্য আমাকে জানানো হয়েছিল।”
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, “সরকারের চলমান খাল খনন কর্মসূচির অংশ হিসেবে এ খালটি খননের কাজ চলমান রয়েছে। কিন্তু খালের ওপর অবৈধভাবে নির্মিত এই হ্যাচারির কারণে খননকাজ বাধাগ্রস্ত হচ্ছিল। হ্যাচারিটি সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের একাধিকবার বলা হলেও তারা তা অপসারণ করেনি। ফলে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করা এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube