প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৬, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৬, ১০:৪২ এ.এম
জয়পুরহাটে শিশুধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন

জয়পুরহাটের আক্কেলপুরে পঞ্চম শ্রেণির এক শিশুকে ধর্ষণের দায়ে সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি নামে এক সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জয়পুরহাটের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও বিশেষ জেলা ও দায়রা জজ আবদুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রনি আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে।
মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা মালয়েশিয়া প্রবাসী হওয়ায় সে মায়ের সঙ্গে আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামে তার নানাবাড়িতে বসবাস করত। ২০২২ সালের ১৪ জুন বাড়ির পাশেই অন্য শিশুদের সঙ্গে খেলাধুলার সময় সুযোগ বুঝে রনি তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে চাচার বাড়িতে নিয়ে যান। সেখানে জোরপূর্বক ধর্ষণ করে ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করেন।
পরদিন শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা জানায়। পরে ৫ আগস্ট আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে বিচারিক কার্যক্রমে আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি বলেন, শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে এ রায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তিনি দ্রুত বিচার ও আইনের কঠোর প্রয়োগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট উজ্জ্বল হোসেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube